কারাবন্দিদের তথ্য ডাটাবেজে থাকবে ------------------- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩১

কারাবন্দিদের তথ্য ব্যবস্থাপনায় একটি ডাটাবেজ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে, যেখানে সব কারাবন্দিদের তথ্য সংরক্ষিত থাকবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও গাজীপুর জেলা কারাগারে ব্যবহূত হলেও পর্যায়ক্রমে দেশের সব কারাগারেই এ সফটওয়্যারটি ব্যবহার করা হবে। গতকাল  রাতে রাজধানীর একটি হোটেলে কারাবন্দি ব্যবস্থাপনা বিষয়ক একটি পাইলট ডাটাবেজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারাবন্দিদের বায়োমেট্রিক তথ্য সংবলিত এ ডাটাবেজ সফটওয়্যারটি প্রস্তুত করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দিদের আঙ্গুলের ছাপ ও চোখের কর্ণিয়ার ছবি সংরক্ষণ করা থাকাতে এ ডাটাবেজের মাধ্যমে কারাগারে ভুল ব্যক্তির অবস্থান সহজে শনাক্ত করা যাবে। ফলে জালিয়াতির মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ার মতো ঘটনা রোধ করা সম্ভব হবে। এ ডাটাবেজ সঠিকভাবে ব্যবহার করলে কারাকর্মীদের সার্বিক দক্ষতা বাড়বে ও বন্দি ব্যবস্থাপনা সংক্রান্ত ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। সারাদেশেই এ সিস্টেমটি চালু করার ওপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএনওডিসির পাইলট প্রজেক্ট শেষে আমরা এর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্প গ্রহণ করব।