চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে শোভন ও রাব্বানীকে পদচ্যুতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনপ্রতিনিধিত্ব আদেশ ও নিজেদের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিয়ে কোন আইনে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলো? নির্বাচন কমিশনে জমা দেওয়া আওয়ামী লীগের সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্রের ২৫ (১) ধারা অনুযায়ী ছাত্রলীগ তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন মাত্র। এদিক থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগকে কোনো আদেশ-নির্দেশ দেওয়া বা তাদের ওপর হস্তক্ষেপ করা সম্পূর্ণ বেআইনি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ভঙ্গ করার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রিজভী।
গতকাল বিএনপির কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
