তারেক আইএসআই’র সঙ্গে এবং ফখরুল পাকিস্তানি দূতাবাসে বৈঠক করেছেন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৫৭

আওয়ামী লীগ বলেছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গোপন বৈঠক হয়েছে। আর পাকিস্তানি দূতাবাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গোপন বৈঠক হয়েছে। এ দুটি বৈঠকই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে বিনষ্ট করার দুরভিসন্ধি। গতকাল রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরো বলেন, বিএনপির নেতারা নিজেরাই নিজেদের অধঃপতন ডেকে এনেছে। এ অধঃপতনের জন্য তারা নিজেরাই দায়ী।

আব্দুর রহমান বলেন, একদিকে বিভিন্ন গণমাধ্যমে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আইএসআইয়ের গোপন বৈঠক, অন্যদিকে পাকিস্তানি দূতাবাসে মির্জা ফখরুলের গোপন বৈঠক ষড়যন্ত্রের আভাস দেয়। দুই বৈঠক একই সূত্রে গাথা। বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দল নয়। তারা আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাপক মনোনয়ন বাণিজ্য করে একটি করপোরেট দলে পরিণত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির মনোনয়ন বাণিজ্যের মূল হোতা। লন্ডনে পালাতক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বাণিজ্যের বিষয়ে তাদের নির্দেশনা দিয়েছেন।

আবদুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ বারবার বলে আসছে বিএনপির সঙ্গে জামায়াতের জোট কোনো রাজনৈতিক জোট নয়, এটা আদর্শিক জোট। বিএনপির প্রধান শরিক ঐক্যফ্রন্ট নয় জামায়াত। শনিবার মনোনয়ন ভাগাভাগির মধ্য দিয়ে আবারো সেটা প্রমাণিত। শরিক দল হিসেবে জামায়াত আসন পেয়েছে ২৩টি এবং ঐক্যফ্রন্ট পেয়েছে ১৭টি।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে আব্দুর রহমান বলেন, আমাদের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোলা চিঠির আহ্বানে সবাই সাড়া দিয়েছেন। যে দুই-একজন বাকি আছে, তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।