নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বন্দুকযুদ্ধে তুহিন ওরফে চাপাতি তুহিন নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে শহরের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তুহিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
কালিবাজারের ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে তুহিনকে গ্রেফতার করে র্যাব। বুধবার ভোরে তাকে নিয়ে নগরীর সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার করতে যায় র্যাব। এ সময় তুহিনের সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালাতে গিয়ে তুহিন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : তিস্তার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
