পটুয়াখালীতে বুধবার ভোররাতে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- আউলিয়াপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন প্যাদার ছেলে কাসেম প্যাদা (৩০) ও চরবিশ্বাস এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে নাঈম ওরফে বাবু (২৩)।
এলাকাবাসী দেখতে পান সদর উপজেলার বসাক বাজার এলাকায় মহাসড়কের পাশে গাছের সঙ্গে লাগানো অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে আছে। মোটরসাইকেলের নিচে একজন এবং অপরজন পাশে পড়ে ছিল। তাদের ধারণা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান জানান, টহল পুলিশ লাশ দুটি উদ্ধার করে। লাশ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
