বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব, বিশেষত বাংলাদেশের সিনেমার বহু কালজয়ী গানের সংগীতশিল্পী কনকচাঁপা বেশ কিছুদিন যাবত যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে বাংলাদেশি কমিউনিটিদের নিমন্ত্রণে অতিথি শিল্পী হিসেবে বিভিন্ন চ্যারিটি শোতে গান গাইছেন তিনি। এর মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, আটলান্টাতে বিভিন্ন চ্যারিটি শোতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন। আবার আগামী সপ্তাহে ভার্জিনিয়াতে একটি শোতে অংশ নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহেই তিনি দেশে ফিরবেন। এসব অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ প্রসঙ্গে মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে কনকচাঁপা বলেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গেই বলছি, দিন দিন আমার প্রতি মানুষের ভালোবাসা, সম্মান যেভাবে বাড়ছে, তাতে সত্যিই মাঝে মাঝে অবাক হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই। গত ১১ সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। খুব ইচ্ছে ছিল এবারের জন্মদিনে দেশে থাকার। কারণ এবার আমি পঞ্চাশে পা দিয়েছি। কিন্তু থাকতে পারিনি। আমার পরিবার, আমার অনলাইন ই-স্কুুলের ৪০ জন বাচ্চাসহ আমার অন্যান্য ভক্ত যারা আছেন, তাদের পরিকল্পনা ছিল এবারের জন্মদিনটি বিশেষভাবে রাঙানোর। কিন্তু হলো না। মিস করেছি আমার মায়ের আদর, মায়ের হাতের পায়েস। কিন্তু যুক্তরাষ্ট্রে আমার ইচ্ছে না থাকার পরেও এখানে সবার আবেগ, ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমার জন্মদিনকে ঘিরে এখানে যারা ছিলেন, তারা যে আয়োজন করেছিলেন, তাতে বিস্মিত হয়েছি। এই ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয় না।’
