বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭

অ জে য়  চৌ ধু রী

 

মানুষ বেঁচে থাকে স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন না থাকলে যেন মানুষের বাঁচাটা অর্থহীন হয়ে পড়ে। আবার সত্ মনোভাব নিয়ে স্বপ্নের বাস্তবায়নে চেষ্টা করলে একজন মানুষের স্বপ্ন পূরণ হয় ঠিকই। তেমনি নাট্যনির্মাতা মজিবুল হক খোকন নিজেকে পরিচালক হিসেবে তৈরি করেছেন একটু একটু করে। নিজের স্বপ্ন পূরণ হওয়াটাও তারই চেষ্টার ফসল। তিনি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। নাট্যসংগঠন আরণ্যকের সক্রিয় সদস্য ছিলেন। মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করতেন। প্রথম চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালিত ‘এখনও অনেক রাত’। এরপর একে একে অভিনয় করেন স্বপন চৌধুরীর পরিচালনায় ‘মেয়েরাও মাস্তান’, কাজী জাহাঙ্গীরের ‘জ্যান্ত কবর’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘ফাইভ রাইফেলস’, সেলিম আজমের ‘আত্মপ্রকাশ’, কাজী হায়াতের ‘দেশদ্রোহী’, সাহেদ চৌধুরীর ‘টেনশন’ ও ‘আড়াল’সহ আরো অসংখ্য চলচ্চিত্রে। ২০০৯ সালে মজিবুল হক নাটক পরিচালনায় নাম লেখান। তার নির্মিত প্রথম টেলিফিল্ম ‘মজার মানুষ’। যা এটিএন বাংলায় প্রচারিত হয়। পরবর্তীতে তিনি শতাধিক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেন। যা বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে এক খণ্ডের ‘আজব শহর ঢাকা’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘সিন্ধুকের চাবি’, ‘এখনো হূদয় ছুঁয়ে যায়’, ‘সত্যবাদী সুজন’, ‘রাতের অতিথি’, ‘চেয়ারম্যানের পোলা’ প্রভৃতি। টেলিফিল্ম ‘তবুও তুমি আমার’, ‘ওরা বখাটে’, ‘বাবার বিয়ে’, ‘বিবাহ দিবস’, ‘অ্যাডভান্স রহমত’, ‘আকাশ কেন অন্ধকার’ প্রভৃতি। আর ধারাবাহিক ‘অহো রাত্রি অহো দিন’, ‘মন থেকে দূরে নয়’, ‘নানা রঙের মানুষ’, ‘সেই তুমি কেন ফিরে এলে’ প্রভৃতি। অভিনয় থেকে পরিচালনায় এলেন কেন? উত্তরে স্মিত হেসে খোকন বলেন, ‘মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দেশের মানুষকে সচেতনতার মেসেজ দেওয়া এবং সুস্থ বিনোদনের জন্য কাজ করার ইচ্ছা থেকেই পরিচালনায় আসা।’ গত ঈদে মজিবুল হক খোকন পরিচালিত ‘আমি না বলতে পারি না’ টেলিফিল্মটি প্রচারিত হয়েছে। সম্প্রতি তার পরিচালনায় ‘নানা রঙের মানুষ’ ধারাবাহিকটির প্রচার শেষ হয়েছে। শিগগিরই এটিএন বাংলায় ‘বাটপাড় আন লিমিটেড’ নামে একটি ধারাবাহিকের প্রচার শুরু হবে। আহসান আলমগীরের রচনায় নতুন এ ধারাবাহিকটি নিয়ে মজিবুল হক খোকন বলেন, ‘এটা কমেডি ঘরানার একটি নাটক। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটি সিনেমা বানানোর ইচ্ছা আছে। গল্প ও স্ক্রিপ্টের কাজ চলছে। সরকারি সহযোগিতা পেলে আশা করছি, নতুন বছরে কাজটি শুরু করতে পারব।’