জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত ধরে অন্তর্জালে উন্মুক্ত হলো চিত্রনায়িকা নিপুণের প্রথম মিউজিক ভিডিও ‘রং’। গত ১২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার দুই যোগ্য সন্তান নিপুণ ও পলিন। দুই বোনের এই অসাধারণ আয়োজনে আসতে পেরে আমার ভালো লাগছে। পলিন পেশায় চিকিত্সক, থাকেন প্রবাসে। তবুও তিনি যে বাংলা গান হূদয়ে ধারণ করেন, তারই প্রমাণ এই গান। অন্যদিকে তার বোন নিপুণ আমাদের দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী। যিনি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তাই দুই বোনের এই গানটির সফলতা কামনা করছি।’ প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের সংগীত ও অভিনয়জগতে অনেক মেধাসম্পন্ন মানুষ রয়েছেন। তাদের প্রতিভাকে সবার সামনে তুলে আনার জন্য যারা সহযোগিতা করছেন, শিল্পীদের সত্যিকারের শিল্পী করে গড়ে তোলার জন্য যারা নিয়মিত কাজ করছেন, তাদেরও আমি অভিনন্দন জানাতে চাই।’ এরপরই মিউজিক ভিডিও ‘রং’ আনুষ্ঠানিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। গানটি প্রদর্শিত হয় প্রজেক্টরে। নিপুণ বলেন, ‘গেল কয়েক বছরে অন্তত এক হাজারবার মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি। করিনি। কারণ, পছন্দ হয়নি নানা কারণে। এবার হলাম। কারণ, কাজটি এবার আমি নিজের হাতেই করেছি। যেটাতে কোনো ঘাটতি রাখিনি। অবশ্য এর পেছনে স্পেশাল একটা কারণও আছে।’
আর সেই কারণ হলো নিপুণের আপন বোন পলিন। লন্ডনপ্রবাসী পলিন পেশায় চিকিত্সক। তবে গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই। যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে নিজের গান প্রকাশ করা হয়নি একটিও। সম্প্র্রতি নিপুণের উত্সাহে গাইলেন পলিন। এ মিজানের কথায় গানটি তৈরি করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক শওকত আলী ইমন। ‘রং’ নামে পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। যেখানে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। যে গানটির নির্মাণ ব্যয় প্রায় ৩০ লাখ টাকা! ‘রং’ উন্মোচন অনুষ্ঠানে গানটির কণ্ঠশিল্পী পলিন, মডেল নিপুণ, গীতিকার এ মিজান, সুরকার শওকত আলী ইমন, সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রজগতের জনপ্রিয় মুখ রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, ইমন, সাইমনসহ অনেকেই। তারা প্রত্যেকেই নিপুণ ও পলিনের ‘রঙ’ গানটির জন্য শুভকামনা জানিয়েছেন।
