সুবীর বসাক
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের ২৬ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলার সাংস্কৃতিক অঙ্গন যেমন নৃত্য, সংগীত, অভিনয়, চিত্রকলা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য নির্বাচিত ২৬ জনকে জেলা শিল্পকলা একাডেমি এই সম্মাননা প্রদান করে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. হাবীবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আলোচনা পর্ব উপস্থাপনা করেন ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান এবং সম্মাননা প্রদান পর্ব উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য-সচিব ও কিশোরগঞ্জ সদরের ইউএনও মো. আ. কাদির মিয়া। পরে প্রধান অতিথি ২৬ গুণীজন ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা পদক তুলে দেন। কয়েকজনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পদক প্রাপ্তরা হলেন অমর চন্দ্র শীল, ওস্তাদ নারায়ণ দেব, সুধেন্দু বিশ্বাস, মো. আব্দুস সাত্তার, বাঁধন রায়, বিজনকান্তি দাস, সবিতা মাহমুদ, মৃণাল দত্ত, মোতালিব হোসেন রাজা, অসিত বরণ বসাক তপন, এম এ কাইয়ূম, শহীদুজ্জামান স্বপন, ফৌজিয়া জলীল ন্যান্সি, শামসুজ্জামান সেলিম, মো. নাসিরউদ্দিন ফারুকী, ম ম জুয়েল, কাজল দেব, জাহাঙ্গীর আলম জাহান, ধনেশ চন্দ্র পণ্ডিত, ফাতেমা আক্তার রত্না, মো. আবুল কাশেম, বিজন কুমার সাহা, হারিস মোহাম্মদ, মানস কর, মোজাম্মেল হক খান রতন ও মোনালিসা ইসলাম।
