মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
‘আমি এক সেবিকা সেবাই আমার ধর্ম, আমি এক সেবিকা সেবাই আমার কর্ম’—এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্যাপিং অনুষ্ঠান এবং দক্ষ নার্সদের নির্মলা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার সকাল ১১টায় কুমুদিনী কমপ্লেক্সের মীর্জা হলে ক্যাপিং অনুষ্ঠান, নির্মলা অ্যাওয়ার্ড প্রদান ও অতিথিদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমুদিনী পরিবার, কুমুদিনী হাসাপাতাল ও কুমুদিনী নার্সিং কলেজ এ অনুষ্ঠানের আয়োজক ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক মিসেস উম্মে হামিমা মোরশেদা।
কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উম্মে হামিমা মোরশেদা ও ভাষা সৈনিক প্রতিভা মুত্সুদ্দি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সিস্টার রীনা ক্রুস এবং শিক্ষার্থীদের হাতে মঙ্গল প্রদীপ রেখে শপথবাক্য পাঠ করান ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার। এ সময় কুমুদিনী নার্সিং কলেজের মেট্রন সিস্টার দিপালী পেরেরা, পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, মি. অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মি. অমলেন্দু সাহা, সাবেক প্রিন্সিপাল মিস উলফাতুননেছা, সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিত হেনা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে নার্ির্সং কলেজের ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের ১৪৮ জন শিক্ষার্থীকে মাথায় ক্যাপ পরিধান এবং কুমুদিনী হাসপাতালের নার্স গড়ার অন্যতম প্রথিকৃত সেবিকা নির্মলার স্মরণে কুমুদিনী পরিবার দক্ষ ১০ জন সেবিকাকে নির্মলা অ্যাওয়ার্ড প্রদান করেন।
