আজাদুল ইসলাম
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে নাচ-গানের মাধ্যমে পালিত হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উত্সব। গত রবিবার ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কারাম উত্সব অনুষ্ঠিত হয়। কারাম উত্সব উপলক্ষে এলাকায় ছিল সাজসাজ রব। বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও বনগ্রাম কারাম উত্সব উদযাপন কমিটি আয়োজিত এ উত্সবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিরুল ইসলাম কনক। উদ্বোধনের পর আলোচনা সভা ও বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আদিবাসী নেতা নন্দলাল উড়াওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার, এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রতন কুমার, মহাদেবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, ধামুইর হাট উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া, ওবায়দুল হক বাচ্চু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, বিএসডিওর প্রকল্প কর্মকর্তা ফিরোজ মাহমুদ, শাহানাজ বেগম মুক্তি প্রমুখ। আলোচনা সভা শেষে নাচ-গানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
