ইত্তেফাক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে চলা নাইকো মামলায় কানাডা পুলিশ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের করা তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ের উপর ৩ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্যের আদেশ দেন। ওইদিন সব আসামিকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
গতকাল ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি পেছানোর আবেদনের প্রেক্ষিতে নতুন দিন ধার্য করা হয়। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং খালেদা জিয়ার পক্ষে আব্দুর রেজ্জাক খান ও মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
গত ২২ নভেম্বর এই আদালতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
