‘নাতি-নাতনিদের সঙ্গে এবার জন্মদিন কাটাবো’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৮

বিনোদন রিপোর্ট

 

কালজয়ী অভিনেত্রী চিত্রনায়িকা সূচন্দা বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। শুধু অভিনেত্রী নন, প্রযোজক এবং পরিচালকের তালিকায় তার নাম একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’ তার অভিনীত প্রথম ছবি। তার অভিনীত দর্শকনন্দিত শতাধিক বাংলা ছবির ভিড়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সফল ছবি ‘জীবন থেকে নেয়া’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করে তিনি সেরা প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভের গৌরব অর্জন করেন।

বরেণ্য এই অভিনয়শিল্পীর জন্ম যশোরে। ঢালিউডের বিখ্যাত দুই চিত্রনায়িকা ববিতা ও চম্পা তার আপন ছোট বোন। আজ বরেণ্য এই চলচ্চিত্র নায়িকার জন্মদিন। গতবছর স্বজনদের নিয়ে প্যারিসের আইফেল টাওয়ারে জন্মদির পালন করলেও এ বছর তার জন্মদিন দেশেই পালিত হচ্ছে আদরের নাতি-নাতনিদের নিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে। তিনি বলেন, ‘নাতি-নাতনিদের সঙ্গে এবার জন্মদিন কাটাবো। তারা বায়না ধরেছে শুধুমাত্র তারাই পালন করবে তাদের প্রিয় দাদি/নানি সূচন্দার এবারের জন্মদিন।’