প্রার্থী হতে না পারায় গতকাল দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, গতকাল রবিবার বিকালে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের ব্যানারে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলমকে বহিরাগত ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মণিরামপুরে গণপদত্যাগ
যশোর অফিস জানায়, যশোর-৫ মণিরামপুর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে প্রার্থী করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭টি ইউনিয়ন এবং পৌর শাখার সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা গণপদত্যাগ করছেন। শনিবার রাতে মুফতি ওয়াক্কাসকে প্রার্থী করার বিষয়টি প্রচার হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। রবিবার সকাল থেকে নেতাকর্মীরা তাদের পদত্যাগপত্র নিয়ে দলের উপজেলা কার্যালয়ে আসেন। এরপর তারা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। সেগুলো দলের জেলা কমিটির সভাপতির কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে অংশ নিতে যশোর-৫ আসনে বিএনপি মণিরামপুর উপজেলা সভাপতি অ্যাড. শহীদ ইকবাল ও ২০ দলীয় জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মুফতি ওয়াক্কাসকে প্রাথমিক মনোনয়ন দেয়। পরে মুফতি ওয়াক্কাসকে চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ
রংপুর অফিস জানায়, বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর কুশপুত্তলিকা দাহ করেছে। রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে প্রার্থী না করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মজিদের ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে অন্তত ৩ জন। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের এইচ এস এস সড়কে এ ঘটনা ঘটে। এম এ মজিদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সন্ধ্যায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে বসে ছিলেন তিনি। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তার কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। আহত হয় অন্তত ৩ জন।
