দরপতন থামছে না পুঁজিবাজারে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

দুই দিনে ডিএসইর সূচক কমেছে ৭১ পয়েন্ট

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও দরপতন থামছে না। চলতি সপ্তাহের চার কার্যদিবসের তিন দিনই সূচকের পতন হয়েছে বাজারে। সর্বশেষ গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৮ পয়েন্টে নেমে এসেছে। গত দুই দিনে এই বাজারে সূচক কমেছে ৭১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০২ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আস্থাহীনতা থেকে ক্রমাগত দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে এখন ভীতি তৈরি হয়েছে। এই ভীতির কারণে অপেক্ষাকৃত ছোটো মূলধনের বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করতে চাইছেন না। বরং তারা ভয়ে আছেন, শেয়ারের দর আরো কমে যায় কি না। এই কারণে অনেকে হাতে থাকা শেয়ার ছেড়ে দিতে চাইছেন। এসব কারণে বিক্রির চাপ তৈরি হওয়ায় সূচক কমে যাচ্ছে।

বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাজারের এই অস্থিরতা দেখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি অংশ ইতিমধ্যে বাজার থেকে বের হয়ে গেছেন। কেউ কেউ বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন। এটি অন্য বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে। এছাড়া বাজারে ভালো কোম্পানির শেয়ারের অভাব, বিদেশি বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতা, তারল্য সংকটের কারণেও বাজারে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ৯ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৬৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৩৭১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন হওয়া  কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলার, স্কয়ার ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়ার, স্টাইল ক্র্যাফট, জে এম আই সিরিঞ্জ, ফরচুন সুজ, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো—গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স,  রূপালি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।  অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মুন্নু সিরামিকস, শ্যামপুর সুগার, আলহাজ্ব টেক্স, মুন্নু স্টাফলার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জে এম আই সিরিঞ্জ, লিগ্যাসী ফুটওয়ার ও ওয়াটা ক্যামিকেল।