মেক্সিকোয় শতাধিক প্লাস্টিক ব্যাগে ২৯ জনের মৃতদেহ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

একটি গণকবরে শতাধিক প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা ২৯ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে মেক্সিকোর কর্তৃপক্ষগুলো। সহিংসতাপূর্ণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য হালিসকোতে ওই গণকবরটির সন্ধান পাওয়া গেছে বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের প্রথম অর্ধে মেক্সিকোয় খুনের সংখ্যা রেকর্ডের শীর্ষ পৌঁছে গেছে, এতে গত বছরের ২৯ হাজার ১১১ খুনের রেকর্ডটিও এবার পেছনে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।  

চলতি মাসের প্রথম সপ্তাহে জাপোপান শহরের একটি গণকবরে মৃতদেহগুলো পাওয়া যায় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন হালিসকোর অ্যাটর্নি জেনারেল হেরার্দো সলিস। তদন্তকারীরা ১৩টি মৃতদেহের সবগুলো অংশ ও ১৬টির খণ্ডাংশ পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

মৃতদেহগুলোর মধ্যে দুই নারীর লাশও রয়েছে এবং তাদের মধ্যে অন্তত চার জনের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে বলে জানিয়েছে রাজ্য সরকার ও অ্যাটর্নি জেনারেল।

তদন্ত চলমান থাকায় মৃতদেহের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক রাজ্য অ্যাটর্নি জেনারেল দপ্তরের একটি সূত্র।

মেক্সিকোর বহু এলাকা স্থানীয় সংঘবদ্ধ অপরাধীদের নিয়ন্ত্রণে। তারা প্রায়ই প্রতিদ্বন্দ্বী দলগুলোর লোকজনকে ধরে এনে খুন করে গোপনে মাটি চাপা দিয়ে দেয়। এ ধরনের কবর পুরো দেশজুড়েই ছড়িয়ে আছে।

দেশটির সবচেয়ে কুখ্যাত অপরাধী দলসহ দেশটির বেশ কয়েকটি অপরাধী দলের প্রধান ঠিকানা হালিসকোতে। যে গণকবরগুলো পাওয়া গেছে তা এই দলগুলোর সহিংসতার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষগুলো।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষগুলোর তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি অপরাধী সংগঠনের মধ্যে একটি হচ্ছে হালিসকোর ‘নিউ জেনারেশন কার্টেল’।