টেস্ট ক্রিকেটে মুগ্ধ আর্চার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

স্পোর্টস রিপোর্টার

এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে যেসব ক্রিকেটার বেশি উন্মাদনা তৈরি করেন; এখানে আশার পর তারা আর অতো বেশি ফুটে ওঠতে পারেন না। কিন্তু জোফরা আর্চারের ব্যাপারটা ভিন্ন।

আর্চারকে নিয়ে ছিল দারুণ উন্মাদনা। সেই উন্মাদনায় পড়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেষ মুহূর্তে দল বদলে তাকে বিশ্বকাপে নিয়েছিল। ইতিমধ্যে খেলে ফেলেছেন তিনি অ্যাশেজও। বিশ্বকাপে দলের সেরা বোলার ছিলেন তিনি। সদ্য শেষ হওয়া অ্যাশেজেও ২২ উইকেট নিয়ে সিরিজ ড্র করতে অন্যতম ভূমিকা রেখেছেন। এমন দারুণ পারফরম্যান্সের পর আর্চার বলছেন, টেস্ট ক্রিকেট যদি এমনই উত্তেজনাময় হয় সবসময় তাহলে তিনি এই খেলাটাই খেলে যেতে চান। এখন পর্যন্ত টেস্ট খেলাটা নিয়ে মুগ্ধ তিনি।

নিজের টেস্ট সাফল্য এবং স্টিভেন স্মিথের সাথে লড়াইটা তার মাথায় একদম গেথে গেছে। তবে বলছিলেন, এখনো ঠিক হজম করে ওঠতে পারেননি এই সাফল্য, ‘আমার মনে হয় কয়েক সপ্তাহ সময় লাগবে একটু শান্ত হয়ে বসতে এবং কী কী হয়েছে, সেটা নিয়ে ভাবতে। তবে এটা সত্যি যে, ইংল্যান্ডের জার্সি পরার প্রথম দিন থেকে শুরু করে এই রবিবার (অ্যাশেজের শেষ দিন) পর্যন্ত অসাধারণ এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আমি।’

আর্চারের দারুণ বোলিংয়ের খুব সুফল ইতিমধ্যে ইংল্যান্ড পেয়েছে। এবার অ্যাশেজের আরেক নায়ক বেন স্টোকস বলছিলেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আগামী অ্যাশেজে আরো মূল্যবান হয়ে ওঠবেন আর্চার, ‘কোনো সন্দেহ নেই যে, ও এমন একটা ছেলে, যে আগামী বছর আমরা যখন অস্ট্রেলিয়ায় যাবো, খুব উপকারী হয়ে ওঠবে। ওর ওখানে বিগ ব্যাশে খেলার কারণে এরই মধ্যে ভালো অভিজ্ঞতা আছে। ও বিগ ব্যাশে ভালোও করেছে। ফলে ও অস্ট্রেলিয়ায় গিয়ে স্বস্তি বোধ করবে এবং ভালো করবে। আপনি যখন ৯০ মাইলের ওপরে গতিতে বল করতে পারবেন এবং এরকম নিয়ন্ত্রণ থাকবে, অবশ্যই আপনি দুনিয়ার যে কারো জন্য হুমকি হয়ে ওঠতে পারবেন।’

জন্মসূত্রে ক্যারিবিয়ান তারকা জোফরা আর্চার নিজে অবশ্য এরই মধ্যে যা করছেন, সেই খেলাটাকে দারুণ উপভোগ করছেন। সারা বছর টি-টোয়েন্টি খেলে বেড়ানো এই তারকা টেস্টে কতটা মানিয়ে নিতে পারবেন, সে নিয়ে সন্দেহ ছিল। কিন্তু আর্চার বলছিলেন, ‘আমি তো আগে কখনো টেস্ট খেলিনি। ফলে আমি বুঝতে পারছিলাম না, কেমন লাগবে খেলবে। আমি জানতাম না যে, আমি কবে টেস্ট খেলব। আমি প্রতিটা খেলাকে শেষ খেলা হিসেবে নিচ্ছিলাম। আমার এটাই নীতি; এটাতে কোনো পরিবর্তন নেই। আমি খুব উপভোগ করছি। আর টেস্ট ক্রিকেট যদি এমনই (অ্যাশেজের মতো) হয় সবসময়, তাহলে এটা তো খুবই রোমাঞ্চকর একটা খেলা।’