‘মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিততে চাই’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি দুই জনেই সমান পাঁচটি করে ব্যালন ডি অর জিতেছেন। তবে ক্যারিয়ার শেষ করার আগে বার্সেলোনা অধিনায়ক থেকে বেশি ব্যালন ডি অর নিয়ে অবসরে যেতে চান বলে জানিয়েছেন রোনালদো। 

সম্প্র্রতি পর্তুগীজ টেলিভিশন চ্যানেল আইটিভিকে একটি একান্ত সাক্ষাত্কার দিয়েছিলেন রোনালদো। তার ব্যক্তিগত ও খেলোয়াড়ি জীবনের অনেক বিষয়ই উঠে এসেছিল এতে। বেশি ব্যালন ডি অর জেতা নিয়ে তিনি বলেন, ‘মেসি ফুটবল ইতিহাসেরই অংশ। কিন্তু আমি মনে করি, তার উপর থাকতে হলে আমার ছয়-সাত কিংবা আটটা ব্যালন ডি অর জিততে হবে। এটা হলে বেশ ভালোই লাগবে। আমার মতে এটা আমার প্রাপ্য।’

রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে নয় মৌসুম খেলে গত বছর জুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন। রিয়ালে থাকাকালীন সময়ে ১৫টি শিরোপা জিতেছিলেন যার চারটিই চ্যাম্পিয়ন্স লিগ। পর্তুগীজ তারকার বিশ্বাস, এমন সব কীর্তি তাকে ফুটবল ইতিহাসে স্থান করে দেয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি যা করেছি আর যা এখনো করে যাচ্ছি; তাতে আমি নিশ্চিত যে, শুধু ফুটবল ইতিহাসের স্মরণীয় একজনই নয় ইতিহাসের সেরাদের একজনও হয়ে গেছি।

তিনি আরো যোগ করেন, ‘আমার মতে, ইতিহাসের সেরা আমিই। কিন্তু কিছু সমর্থকের চোখে যদি ইতিহাসের সেরা অন্য কেউ হয় আর দ্বিতীয় হই আমি, সেটা কোনো ব্যাপার না। কারণ আমি জানি, আমি সর্বকালের সেরাদের একজন হয়েই ফুটবল ইতিহাসের অংশ।’

সাক্ষাত্কারটিতে লিওনেল মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছিল। উত্তরে রোনালদো জানান, আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না হলেও তাকে আরো ভালো খেলোয়াড় হয়ে ওঠতে মেসি দারুণভাবেই সাহায্য করেছেন, ‘ আমরা বন্ধু নই। কিন্তু আমরা এই মঞ্চটা ১৫ বছর ধরে ভাগাভাগি করছি। আমি জানি যে, সে আমাকে আরো ভালো খেলোয়াড় হওয়ার জন্য তাড়িত করেছে। একইভাবে আমিও তাকে আরো ভালো খেলোয়াড় হয়ে উঠতে প্রেরণা জুগিয়েছি।’

রোনালদো জানালেন সাফল্য পাবার তীব্র ক্ষুধাই এ পর্যায়ে এনেছে তাকে, ‘আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ড আমাকে অনুসরণ করে। সাফল্যের প্রতি নেশাগ্রস্ত আমি। একে মোটেও খারাপ কিছু বলে মনে হয় না আমার। আমার মতে, এটা বেশ ভালো। এটা আমাকে অনুপ্রাণিত করে। যদি কোনো কাজে আপনার অনুপ্রেরণা না থাকে, তবে থেমে যাওয়াই ভালো।’           —এএফপি