ছোটোদের লড়াইয়ে মোহামেডানকে হারাল আবাহনী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

  স্পোর্টস রিপোর্টার

ছোটোদের লড়াই বলে কথা। ফুটবলে বড়োদেরও চোখ ছিল কী হয় তা জানতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেশ কিছু দর্শকও গিয়েছিলেন মোহামেডান আবাহনীর লড়াই দেখবেন বলে। কিন্তু মোহামেডানের হতশ্রী অবস্থা দেখে সাদাকালো সমর্থকরা যেন মুখ ফিরিয়ে নিয়েছেন। আবাহনী ৫-১ গোলে  মোহামেডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুধু হারই নয়, হ্যাটট্টিক করেছেন তরুণ ফুটবলার ইকবাল। আগের ম্যাচে বসুন্ধরার কাছে হেরেছিল মোহামেডান।

পেশাদার ফুটবল লিগের ক্লাবগুলোকে নিয়ে বাফুফের অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। গ্রুপ পর্বে তিনটি করে দল লড়াই করছে। চার গ্রুপে ১২ দলের লড়াই। মোহামেডান আবাহনী খেলছে সি গ্রুপে। দুই ম্যাচ হেরে মোহামেডানের বিদায়। আর আবাহনী এবং বসুন্ধরা কিংস কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান রেলিগেশন ঠেকিয়েছে। কোনো রকমে এবারের জন্য পার পেয়ে গেছে মোহামেডান। প্রিমিয়ার লিগে বড়োদের দলটা গড়েছিলেন এমিলি মিঠুনরা। তেমনি অনূর্ধ্ব-১৮ ফুটবল দলটা গড়ার দায়িত্ব নিয়েছিলেন এমিলি, মিঠুনরা। ভর দুপুরে বাফুফের টার্ফে কোচ শহিদুল ইসলাম জুয়েলের অনুশীলনে এমিলি মিঠুন জুটিকে দেখা যেত। মাঠের পাশে নির্ভরযোগ্য মিঠুনের কাঁধে এমিলি  হাত রেখে অনুশীলনে ধ্যানমগ্ন, এই জুটি। চোখে স্বপ্ন ছিল অনূর্ধ্ব-১৮ দলটা যদি ট্রফি পুনরুদ্ধার করতে পারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী হলেও মোহামেডান প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন। যদিও প্রথম দুই আসরে অনূর্ধ্ব-১৮ ছিল না। তারপরও ছোটোদের ফুটবলে মোহামেডান একটা ভালো কিছু করবে, সেটাও হলো না। আবাহনীর কাছে নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে। ইকবালের হ্যাটট্টিক ছাড়াও রাকিব, সাকির গোল করেন। তিন গোলে পিছিয়ে থাকার পরও মোহামেডানের ইমরান পেনাল্টিতে একটি গোল করেছিলেন।