বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলারদের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন আনসু ফাতি। গত মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ১৬ বছর ৩৫১ দিন বয়সে খেলতে নেমে লিগটিতে অভিষেক হয় তার। এর আগে ২০০৭ সালে ১৭ বছর ২২ দিন বয়সে লিঁওর বিপক্ষে খেলতে নামা বোজান কিরকিচের দখলে ছিল এই রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড সিলেস্তান ব্যাবারোর। তিনি বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখটের হয়ে ১৬ বছর ৮৫ দিন বয়সে মাঠে নেমেছিলেন। লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে অভিষেক হয় ফাতির। এরপর ওসাসুনার বিপক্ষে প্রথম গোলের দেখা পান তিনি। এছাড়াও ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটিতে জোগান দিয়ে নিজের জাত চেনাচ্ছেন ফাতি।
