সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ার বিলদহর উচ্চ বিদ্যালয় ও একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের একাংশে চলছে ইট বালু. ঝুট, বাঁশ, দোকান পাটের ব্যবসা। একদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ সামগ্রী মাঠে জড়ো করে রেখেছে অপরদিকে দোকান ঘর নির্মাণ করে মাঠ সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, জেলার চামারীর বিলদহর উচ্চ বিদ্যালয় ও একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি একমাত্র খেলার মাঠ। এই মাঠের অধিকাংশ জায়গায় ইট, বালু, কাঠ ও ভাঙারি জিনিসপত্র রাখা হয়েছে। এতে করে মাঠে খেলাধুলা করতে খেলোয়ারদের নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে।
অনির্বাণ যুব সংঘর সভাপতি হাসান আলী জনি বলেন, আমরা অনেক বার মাঠ সংস্কার করেছি। এখন দখল নিয়ে দোকান পাট বসানো চলছে। মাঠ ৪ মাস থাকে পানির তলে, ৬ মাস চলে বিভিন্ন রাস্তার ও স্কুল, কলেজের কাজ। আমরা এর প্রতিকার চাই। অনির্বাণ যুব সংঘর ক্রীড়া সম্পাদক সিহাব শেখ বলেন, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি যাতে করে যুব সমাজ আড্ডা না দিয়ে খেলাধুলায় মনোনিবেশ করে। কিন্তু খেলার মাঠ যদি ব্যবসায়ীদের দখলে থাকে তাহলে কিভাবে আমরা খেলাধুলা করবো।
এ ব্যাপারে চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা বলেন, খেলার মাঠ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়। যুব সমাজ যদি খেলাধুলার সুযোগ না পায় তাহলে তারা মাদকের দিকে ধাবিত হবে।
কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য খেলার মাঠে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে বিলদহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, স্কুল মাঠে একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি রাস্তার কাজের মাল সামানা রেখে ঠিকাদাররা তাদের কাজ করছে, তবে মাঠের পাশ দিয়ে কিছু দোকান পাঠ স্থাপন করা হয়েছে। এতে মাঠের সৌন্দর্য নষ্ট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, যেহেতু এই মাঠটি বিদ্যালয়ের জায়গা, তদন্ত করে অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
