রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
বজ্রপাত থেকে সুরক্ষার জন্য রাউজানে সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণ করছে স্থানীয় যুবকরা।
গত বুধবার চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণ করার কাজে ব্যস্ত জাহেদুল আলম, মানিক সিকদার, রাহাত হোসাইন, সারখাত সিকদার, সাকিব হোসেন, কাইছার, আরফান সিকদারসহ এলাকার যুবকরা। এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াপাড়া চৌধুরী হাট ব্যবসায়ী সমিতির সভাপতি সেকান্দর হোসেন মেম্বার, যুবলীগ নেতা মনিরুল ইসলাম মুরাদসহ অন্যরা।
কর্মসূচির উদ্যোক্তা নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া ৮ নম্বর রোডের জাহেদুল আলম বলেন, আমরা মাস্টার দা সূর্যসেন সড়ক, নোয়াপাড়া চৌধুরী হাট সড়ক, পলোয়ান পাড়া সড়কে পর্যায়ক্রমে ২০ হাজার তাল গাছের বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে কিছু রোপণ কাজ শুরু করেছি।
নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার যুবকদের তালগাছ রোপণের উদ্যোগকে আমি স্বাগত জানাই। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এই কল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করছি তাদের দেখে অন্য এলাকায় তাল গাছের বীজ রোপণে যুবকরা উত্সাহিত হবে। স্থানীয় সমাজকর্মী মনিরুল ইসলাম মুরাদ বলেন, এলাকার যুবকদের এই প্রচেষ্টা অন্যদের তালগাছের বীজ রোপণের ব্যাপারে উত্সাহিত করবে।
