আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ও মহাজোটের অনেককেই এবার মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। স্বপ্নভঙ্গের বেদনা থাকবে, তবে সরকার আবার ক্ষমতায় এলে মনোনয়নবঞ্চিতদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। তিনি বলেন, জয়লাভ করতে পারবে এমন প্রার্থীদেরই দল ও মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সিট নিয়ে বানরের পিঠা ভাগ করা হয়নি।
গতকাল রবিবার ফেনীর পৌরসভা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী আরও বলেন, বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় আমাদের কিছু করার নেই। বর্তমানে দেশে চমত্কার নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গুলশান ও পল্টনে মনোনয়নবঞ্চিতরা ভাঙচুর ও হামলা করেছে। বিএনপির মহাসচিব বারবার মনোনয়নবঞ্চিতদের তোপের মুখে পড়ছেন।
বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গিয়ে কাদের বলেন, আদালতের আদেশে খালেদা জিয়া কারাগারে আছেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এরশাদ সম্পর্কে তিনি জানান, তার বিদেশে যেতে কোনো বাধা নেই। তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে বিদেশে যেতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান প্রমুখ।
