বেনাপোল বন্দর থেকে চলতি বছরে ৮৪ কোটি রাজস্ব আদায়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভারত সীমান্তে স্থলপথে আমদানি-রপ্তানি তথা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেনাপোল স্থলবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহত্ স্থলবন্দর। বেনাপোল থেকে কোলকাতার দূরত্ব কম হওয়ায় এ বন্দর ব্যবহার করে স্থলপথে প্রায় ৮০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। প্রতি বছর এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। অবকাঠামোগত উন্নয়নের জন্য অন্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরে বন্দরের পণ্যাগারের ভাড়াসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৮৪ কোটি টাকা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল। গত অর্থবছরে এ বন্দরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ ৮৪ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এই পরিমাণ রাজস্ব আদায় হয়নি। গত ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৪৮ কোটি টাকা। এ বছর ৪৮ কোটি টাকা থেকে ৮৪ কোটি টাকার অধিক রাজস্ব আদায় হয়েছে। আর তার জন্য রয়েছে সকলের সহযোগিতা।