চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় মো. মমিন (৩৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মোমিন সদর উপজেলার শাহাজাহানপুর চরদুর্লভপুর পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর সুজনপাড়া গ্রামে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার হন মমিন।
এ ঘটনায় ঐদিনই র্যাবের তত্কালীন উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তত্কালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২৭ জানুয়ারি মোমিনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আকরামুল হোসেন।
