বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখায় পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে পরীক্ষা করাসহ বিভিন্ন অপরাধে শহরের হাসপাতাল রোড এলাকার নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় দক্ষিণ বাজার এলাকার সানী ফার্মেসিকে ৭ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করায় থানা মসজিদ মার্কেটের শাওন অ্যান্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানে জরিমানার কথা নিশ্চিত করেছেন।
