শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের ১৮ বেকি খালে মৌমাছির আক্রমণে আলামিন (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মাছ ধরার সময় তিনি মৌমাছির আক্রমণের শিকার হন। তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে আজিজ মিস্ত্রীর ছেলে।
কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে ১৮ বেকি খালে মাছ ধরতে যান আলামিন। এ সময় গাছে মৌচাক দেখে মধু সংগ্রহ করতে মৌচাক কাটতে গেলে দলবদ্ধ মৌমাছি আলামিনকে আক্রমণ করে। একপর্যায়ে তিনি নদীতে লাফিয়ে পড়েন। সহযোগীরা তাকে নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আলামিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
