অনাবৃষ্টির কারণে আমন চাষ ব্যাহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

আশ্বিন মাসেও পশ্চিমের জেলাগুলোতে ফের ভ্যাপসা গরম পড়ছে। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ায় গরম পড়ছে বেশি। এসব জেলায় বর্তমানে বৃষ্টি হচ্ছে না। অনেক স্থানে রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। বর্ষা বিদায় নিতে চললেও এ অঞ্চলে এবার বর্ষার রূপ দেখা যায়নি। টানা বা ভারী বর্ষণ হয়নি। সকালের দিকে একটু ঠান্ডা থাকলেও দুপুরে কাঠফাঁটা রোদে অস্বস্তির সৃষ্টি হয়।

ঢাকা আওহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, এ অবস্থা আরো কয়েক দিন চলবে। ২১ সেপ্টেম্বরের দিকে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 অপর দিকে বৃষ্টির অভাবে এ অঞ্চলে রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। অনেক স্থানে মাঠ ফেটে চৌচির হয়েছে। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও মাঠে পানি জমছে না। সেচযন্ত্র চালু করে ধানখেতে সেচ দিতে হচ্ছে।