খুলনা অফিস
খুলনা বিভাগের ১০ জেলায় দুর্গাপূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। আগামী মাসের প্রথম দিকে প্রতিমার গায়ে রঙের তুলি বসবে। সেই সঙ্গে গায়ে জড়ানো হবে শাড়ি কাপড় ও গয়না। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা।
পুলিশ ও আনসার সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় এবার ৪ হাজার ৮৯৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার সবচেয়ে বেশি প্রতিমা তৈরি হচ্ছে খুলনা জেলায়। এ জেলায় প্রতিমার সংখ্যা ৯৪৫টি।
আনসার ও ভিডিপি খুলনা সার্কেলের অ্যাডজুটেন্ট মো. মিরাজুল ইসলাম জানান, অধিক ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) মণ্ডপগুলোতে ছয় জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপগুলোতে চার জন আনসার দায়িত্ব পালন করবে। এর মধ্যে মহিলা আনসারও থাকবে। আগামী ৪ অক্টোবর সকাল থেকে ৮ অক্টোবর বিজয়দশমী পর্যন্ত আনসাররা দায়িত্ব পালন করবে।
