চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রেখা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রেখা খাতুন ওই গ্রামের জাইদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের মা। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রেখা খাতুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে বাড়ির পাশের পুকুরে লাশ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিত্সকের কাছে নিলে মৃত ঘোষণা করেন চিকিত্সক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন।
