ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
উপজেলার একটি মহাবিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ জন শিক্ষক যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্র জানায়, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাবিদ্যালয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা পাঠদানের জন্য উপস্থিত থাকার নিয়ম রয়েছে। অথচ সরকারি নির্দেশনা উপেক্ষা করে উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ যথাসময়ে প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে।
শিক্ষার পরিবেশ, মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের জন্য মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় ২৯ জন শিক্ষককে নিয়ম বহির্ভূত অবস্থায় অনুপস্থিত থাকতে দেখা যায়। বুধবার উক্ত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে বলে সূত্র জানান।
