জিডি ও মামলা করতে টাকা লাগে না

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

ব্যতিক্রম প্রচার চালাচ্ছে জেলা পুলিশ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

থানায় জিডি কিংবা মামলা করতে টাকা লাগে না, শিবচরসহ আশেপাশের থানাগুলোতে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে জনসচেতনতামূলক এক ব্যতিক্রম প্রচার চালাচ্ছে জেলা পুলিশ। সদ্য যোগদান করা মাদারীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসানের উদ্যোগে শিবচরসহ জেলার পাঁচটি থানা চত্বরসহ আশেপাশের অলিগলিতে লাগানো হয়েছে এমন সাইনবোর্ড ও ব্যানার। শিবচর, মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও ডাসার এই পাঁচটি থানা নিয়ে মাদারীপুর জেলা।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দালালদের ঘুষ বাণিজ্য ঠেকাতে এসপি স্যার এ উদ্যোগ নিয়েছেন।

মাদারীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান বলেন, থানায় এসে কেউ কোনো প্রকার হয়রানির শিকার না হয়। এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের প্রচারণা চালানো হয়েছে।