জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উত্সব শুরু কাল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

ইত্তেফাক রিপোর্ট

শিশুদের নিয়ে ৯ দিনের এক বিশাল উত্সব বসছে আগামীকাল শুক্রবার। ‘আমরা সবাই মঞ্চকুড়ি, নটনন্দনে ফুটবো’ এ শ্লোগান নিয়ে সারাদেশের প্রায় দশ হাজার শিশুর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ১৪তম জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উত্সব। ২০ থেকে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ উত্সবে সারাদেশের ৬৪ জেলা থেকে আসা ৯৫টি শিশু নাট্যদল অংশ নিচ্ছে। শুধু নাটক মঞ্চায়ন নয় এর পাশাপাশি একাডেমির জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও একাডেমি প্রাঙ্গণসহ প্রতিদিন ৮টি ভেন্যুতে ৯টি জেলার ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে উত্সবে অংশ নেওয়া দশ হাজার শিশুদের মধ্য থেকে ৪০০ শিশুকে ‘মঞ্চকুঁড়ি তনয় শিশু পদক’ প্রদান করা হবে। এর পাশাপাশি পদক প্রদান করা হবে উত্সবে অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুকে।

উত্সব উপলক্ষ্যে গতকাল বুধবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিশুদের কণ্ঠে উত্সব সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এর সূচনা হয়। এসময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বিকশিত শিশুই আলোকিত আগামী। সেই আলোকিত শিশু গড়তেই আমাদের এ আয়োজন। লিয়াকত আলী লাকী আরো জানান, উত্সবের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে রয়েছে বিশেষ আয়োজন। রয়েছে আলোকচিত্র, চিত্রকর্ম প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের পদক বিতরণ অনুষ্ঠান। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির সচিব বদরুল আলম ভুঁইয়া, প্রশিক্ষণ বিভাগের পরিচালক সুশান্ত কুমার সরকার, ইয়াসমিন আলী, জনসংযোগ কর্মকর্তা হাসান মামুন প্রমুখ। শুক্রবার বিকাল চারটায় জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে এই উত্সবের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পী মুস্তাফা মনোয়ার, আইটিআই বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী। উদ্বোধনী উপলক্ষ্যে এছাড়াও রয়েছে আনন্দ র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।