ইত্তেফাক রিপোর্ট
মগবাজার ফ্লাইওভারে ছুরিকাঘাতে নিহত রাইড শেয়ারিং পাঠাও-এর চালক মো. মিলনের চিকিত্সার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালককে বিষয়টি অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. মিলনের চিকিত্সায় অবহেলার অভিযোগ তুলে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম. সাইফুদ্দিন খোকন। গত ২৭ আগস্ট একটি জাতীয় দৈনিকে “গলা কেটে হত্যা করে বাইক, ফোন ছিনতাই” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।
ঐ প্রতিবেদনে বলা হয়, গত ২৫ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকার উড়াল সড়কের ওপর গলা কেটে মো. মিলন (৩৫) নামের এক মোটর সাইকেল চালককে হত্যা করা হয়। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী শিল্পী।
আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়।
