পাবনায় দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে অভিযুক্ত এক ধর্ষকের সাথে থানায় বিয়ে দেওয়ার ঘটনায় সদর থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার বিকালে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান। তিনি জানান, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীর পক্ষে সহকারী মহাপরিদর্শক (পারসোনাল ম্যানেজমেন্ট) আব্দুল্লা হিল বাকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরে ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে ওবাইদুল হককে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির কথাও জানানো হয়েছে ঐ পত্রে।
ইবনে মিজান বলেন, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে মামলা না নিয়ে এক ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে দেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে পুলিশি তদন্তে এই ঘটনায় ওসি ওবাইদুল হক এবং এসআই একরামুল হকের সম্পৃক্ততার প্রমাণ মেলে। প্রাথমিক ভাবে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর ওসিকে প্রত্যাহার ও এসআইকে সাময়িক বরখাস্ত করেন। তদন্ত রিপোর্ট পুলিশ সদর দপ্তরে পাঠানোর পর প্রতিবেদনটি পর্যালোচনা শেষে মঙ্গলবার রাতে ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।
এদিকে এই ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে গঠিত জেলা প্রশাসকের তদন্ত দলের প্রতিবেদনেও ধারাবাহিক দলবদ্ধ ধর্ষণ, ঘটনা ধামাচাপা দিতে মামলা না নিয়ে পাবনা সদর থানার ওসির নির্দেশে এক ধর্ষকের সাথে বিয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশ সম্পর্কিত প্রতিটি ঘটনার সত্যতা মিলেছে। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ ঐ তদন্ত প্রতিবেদনটিও মন্ত্রী পরিষদ বিভাগের নিকট প্রেরণ করেছেন।
