বাঘাইছড়িতে গুলিতে জনসংহতির লারমা গ্রুপের দুই কর্মী নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৯

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লারমা গ্রুপের দুই কর্মী নিহত হয়েছে। নিহতরা হলেন রিপেন চাকমা (২৪) ও বর্ষণ চাকমা (২৫)। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুরুল আলম জানান, বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা গ্রুপের রিপেন চাকমা ও বর্ষণ চাকমা নামে দুই কর্মী অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি করলে ঘটনাস্থলে দুজনই নিহত হন।

গ্রামটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাঁটা পথ ছাড়া যানবাহনে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। খবর পেয়ে বুধবার সকালে মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রওনা হন বলে ওসি জানান।