মোদি-মমতা বৈঠকে এনআরসি নিয়ে আলোচনা হয়নি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকে পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি। গতকাল বুধবার দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে তার সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি বলেন, আসামে এনআরসি হয়েছে আসাম চুক্তি অনুযায়ী।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পাওনা নিয়ে কথা হয়েছে। ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গ সাড়ে ১৩ হাজার কোটি টাকা পায়। বীরভূমের দেওচা পচামিতে    একটি কোল ব্লক পেয়েছে পশ্চিমবঙ্গ। সেটির উদ্বোধনে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করা নিয়ে আলোচনা হয়েছে। সার্বিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে। মমতা আরো বলেন, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে দিল্লিতে আসা হয়নি। সময় হলে বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলতে চাই। এদিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে তার হাতে উপহার তুলে দেন মমতা। জন্মদিনের পরদিন এ উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী। এদিকে এনআরসি নিয়ে আতঙ্ক বাড়ছে পশ্চিমবঙ্গে। এ নিয়ে তৃণমূলের পাশাপাশি সরব হয়েছে সিপিএম ও জাতীয় কংগ্রেস। তাদের বক্তব্য, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। এ রকম আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি প্রসঙ্গটি তুললেন না, এটা কী করে হতে পারে।