নারায়ণগঞ্জ ও গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী ও ডাকাত নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তুহিন ওরফে চাপাতি তুহিন নামের এক যুবক নিহত হয়েছে। র্যাবের দাবি, সে শহরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। গতকাল বুধবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ (৩৪) নামে এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার বরমী গ্রামের আজিজুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শর্ট গান, একটি ওয়ান শুটারগান, ১৩টি কার্তুজ ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। মাসুদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি ডাকাতি, একটি অস্ত্র, একটি খুন এবং অন্যগুলো মাদক মামলা।

নারায়ণগঞ্জে নিহত তুহিন শহরের দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে। র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে তুহিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে র্যাব শহরের সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে আগে থেকে ওঁত্ পেতে থাকা তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।