একই স্কুলের দুই ছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
করিমগঞ্জ (কিশোরগঞ্জ): করিমগঞ্জ উপজেলার কিরাটন লাকপুর সড়কে গতকাল বুধবার ট্রাক্টর চাপায় রাজন (১২) ও মাহি (১২) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বাইসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি তাদেরকে চাপা দিলে তাদের মৃত্যু হয়। রাজন ও মাহি করিমগঞ্জ দেহুন্দা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।
কালকিনি (মাদারীপুর): মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মাদারীপুর-শরীয়তপুর সড়কের খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালকিনি উপজেলার চর ঝাউতলা গ্রামের সাইফুল হাওলাদার (৩০) ও উত্তর রাজদী গ্রামের মানিক বেপারী (২৮)। আহত লিপি সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
পটুয়াখালী: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার এলাকায় গতকাল একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের আবুল কাসেম (৩০) ও গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের নাঈম ওরফে বাবু (৩০)।
মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে বাসের ধাক্কায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন রংপুর নগরীর লালবাগ খামারপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
