সিদ্ধিরগঞ্জে এক দিনে ৯টি অবৈধ গ্যাস সংযোগ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৮

সিদ্ধিরগঞ্জে তিতাসের আবাসিক গ্যাসের পাইপ থেকে অবৈধভাবে এক দিনে ৯টি সংযোগ নিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বদরুন্নেছা স্কুলসংলগ্ন নির্মাণাধীন সড়ক এলাকায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঐ সড়কে আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণের কাজ শুরু করলে স্থানীয়রা অবৈধভাবে এসব সংযোগ নিয়েছে। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানালেও গত এক সপ্তাহেও কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় বদরুন্নেছা স্কুলসংলগ্ন সড়কটিতে আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। গত বৃহস্পতিবার ড্রেন নির্মাণের জন্য মাটি খুঁড়তে শুরু করলে ঐ সড়ক দিয়ে যাওয়া গ্যাস পাইপ থেকে অবৈধভাবে ৯টি সংযোগ নেয় সড়কের দুই পাশের বাসিন্দারা। সড়কটি পাকা হয়ে গেলে সংযোগ নিতে পারবে না এমন অজুহাতে কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে তারা এসব সংযোগ নিয়েছে বলে জানা গেছে। এ সময় এলাকার কেউ কেউ তাদের বাধা দিলে তারা হুমকি দেয়। স্থানীয় সাংবাদিক ও সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী এ এইচ ইমরান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করেছেন, পাশাপাশি তিতাস কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, নিমাইকাশারী এলাকার আবু তাহের, ইউসুফ, আব্দুস সাত্তার, নুরে আলম ওরফে বেকারী আলম, সামছুল আলম, রুবেল ও খলিল ৯টি অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এসব অবৈধ সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করতে তাদেরকে প্রয়োজনীয় ফোর্স প্রদান করা হবে।