ইত্তেফাক রিপোর্ট
গত ১০ বছরে দেশে অবকাঠামো, বিদ্যুত্সহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে; কিন্তু উন্নয়নের সুফল সমহারে বণ্টিত হয়নি, বৈষম্য বেড়েছে। শিক্ষিতদের মাঝে বেকারত্ব বেড়েছে। এজন্য আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অর্থনীতি নিয়ে সুস্পষ্ট ঘোষণা আশা করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। পর্যালোচনা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় বলেন, গত ১০ বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি হয়েছে। অর্থনীতির আকার বেড়েছে, বিনিয়োগ বেড়েছে। জ্বালানি খাতে বড় বিনিয়োগের ফলে আমূল পরিবর্তন এসেছে। এক কথায় দেশের অর্থনীতির ইতিবাচক উন্নতি হয়েছে। অর্থনীতির এই উন্নতি নিষ্কলুষভাবে যে হয়েছে তা কিন্তু নয়। অর্থনীতির এই উন্নয়নের ক্ষেত্রে গুণমত অবনমন হয়েছে। বিভাজিতভাবে বৈষম্যের ধারা দ্রুততম হয়েছে। বৈষম্য শুধু ধনী দরিদ্র্যের ব্যবধান বেড়েছে এমনটি নয়। বৈষম্য শহর ও গ্রামের মধ্যে যেমন, তেমনি নারী ও পুরুষের মধ্যে, বয়স্ক ও তরুণের মধ্যে, সংখ্যালঘুর মধ্যেও বেড়েছে সামাজিক বৈষম্য। তিনি বলেন, সরকারের নতুন উদ্যোগ ও উদ্যোম গ্রহণের ক্ষেত্রেও ঘাটতি দেখা গেছে। আমরা উদ্যোক্তা শ্রেণি দেখি না। কারণ তাদের ভেতরে গণতান্ত্রিক আচরণে ঘাটতি রয়েছে। দেশের ভেতরে অর্থনৈতিক প্রতিযোগিতা কমে গেছে। এর মূল কারণ রাজনৈতিক প্রতিযোগিতা কমে যাওয়া। প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে বৈষম্য কমাতে হবে। তিনি বলেন, নির্বাচন আসন্ন। অথচ নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো আলোচনা শুরু হয়নি। এটা উদ্বেগের বিষয়। নির্বাচন কী ভাবে হবে সেটি নিয়ে সবাই কথা বলছে অথচ জীবন-জীবিকার কী হবে সেই আলোচনা নেই।
