বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের স্টোরে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের নেতৃত্বে একটি টিম ঐ ওয়ার্ডের স্টোর অভিযানকালে সেখানে মজুত মালামাল জব্দ করেন।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘মহিলা মেডিসিন ওয়ার্ডের স্টোর রুমে থাকা মালামালের হিসাব আমরা নিয়েছি। এখানে অতিরিক্ত চিকিত্সাসামগ্রী এভাবে রাখার কোনো সুযোগ নেই। জব্দ মালামাল রেজিস্টার মিলিয়ে দেখা হবে তা সঠিক রয়েছে কি না। সঠিক না থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে ওয়ার্ডের ইনচার্জ হোসনেয়ারা খানম দাবি করেছেন—হিসাব অনুযায়ী সবকিছু সঠিক আছে।
ছাত্র ইউনিয়নের সমাবেশ
এদিকে ‘বণিকের হাত থেকে বাঁচাও আমার শিক্ষা খাত, আঁধারে বৃত্ত ভেঙে ছিনিয়ে আনো রাঙ্গা প্রভাত’ এই স্লোগান নিয়ে বরিশালে ছাত্র ইউনিয়নের সমাবেশ থেকে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি জানানো হয়েছে। গতকাল ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে এ সমাবেশ হয়। ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রুহিন মাহমুদ, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র বেগ প্রমুখ বক্তব্য রাখেন।
