ছাত্রলীগের নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতা। গতকাল বুধবার রাতে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেক হক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগকে দেখতে চান, তার সেই আস্থার প্রতিদান যেন নতুন নেতারা দিতে পারেন; সেগুলো স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’
