মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি স্পিকারের আহ্বান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্বের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড়ো সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন টেকসই করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আন্তর্জাতিক সংস্থাসমূহকে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শন করে রোহিঙ্গাদের নির্যাতনের বাস্তব অবস্থা অনুধাবন করে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের অনুরোধ জানান স্পিকার। গতকাল বুধবার স্পিকারের সঙ্গে ব্রিটেনের কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যানি মেইন এমপির নেতৃত্বে ২২ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাত্কালে তারা রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়াও নদী দূষণরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অ্যানি মেইন এমপি বলেন, রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ব্রিটেন বাংলাদেশের পাশে রয়েছে। তিনি  রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ব্রিটেনের অব্যাহত সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পরে স্পিকারের সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সভাপতি সাজু ম্যাথিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত্ করেন।

‘জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয়’

এদিকে গতকাল সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয়। জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করতে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, আগামী নভেম্বরে নাইরোবিতে আইসিপিডির ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হবে। এসডিজি এবং আইসিপিডির লক্ষ্যসমূহ এক ও অভিন্ন, মানব কল্যাণই যার মূল লক্ষ্য। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা টরকেলসন। বিশেষ অতিথি ছিলেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও ইউএনএফপিএর এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক বোর্জেন অ্যান্ডারসন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) কার্যক্রম উপস্থাপন করেন এসপিসিপিডির প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ। অনুষ্ঠানে ৪৫ জন সংসদ সদস্য অংশ নেন।