সৌদি আরব দাবি করেছে, ইরানই তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে। গতকাল দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ১৮ টি ড্রোন এবং ৭টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইয়েমেনের বাইরে থেকে। এসব অস্ত্রের ধ্বংসাবশেষই প্রমাণ করছে যে তেহরানই হামলা চালিয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি। এই সময় ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষও সাংবাদিকদের দেখানো হয়। তিনি বলেন, উত্তর দিক থেকে হামলা চালানো হয়েছে এবং ইরানই এতে মদত জুগিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রও জানায় যে, ইরানই তেল ক্ষেত্রে হামলার জন্য দায়ী। যদিও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায়িত্ব স্বীকার করেছে। আর ইরান অস্বীকার করে আসছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা চাপানোর নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। -রয়টার্স
