ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ৬৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ২০১৪-১৫ ব্যাচের ৬৫ শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়। তবে ৫০ জনের বেশি হওয়ায় বার কাউন্সিল ঐ তালিকা ফেরত দেয়। বার কাউন্সিলের এ সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ঐ শিক্ষার্থীরা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহ মঞ্জুরুল হক।
আইনজীবীরা বলেন, ২০১৪ সালে এসব শিক্ষার্থী ইস্টার্ন ইউনির্ভাসিটিতে ভর্তি হয়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় এক সেশনে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে ২০১৭ সালে রায় দিয়েছে আপিল বিভাগ। যেহেতু রায়ের আগেই তারা ভর্তি হয়েছে সেহেতু কেন বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে।
