নানা জল্পনা-কল্পনা শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়িতে গতকাল বুধবার রাত ৮টা ৫০ মিনিটে এ ভোটগ্রহণ শুরু হয়। সারাদেশ থেকে আগত কাউন্সিলররা টানা সাড়ে তিন ঘণ্টা ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। মধ্যরাত সাড়ে ১২টার দিকে সম্পন্ন হয় ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। রাতেই ভোট গণনা শেষে ফল ঘোষণার কথা ছিল।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের কাজটি শুরু করেছি। ভোটের পর আমরা দ্রুতই গণনার কাজ শুরু করেছি। ফলও ঘোষণা করব।
এদিকে গতকাল বিকালে সংগঠনের নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা ঢাকাসহ সারাদেশ থেকে নয়াপল্টনে জড়ো হন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব কাউন্সিলর ঢাকায় আসতে পারেনি বলে জানা গেছে। এবারের কাউন্সিলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী ২৮ জন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক ১৯ জন।
ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদের প্রার্থীরা হলেন :কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. ফজলুর রহমান খোকন, এস এম সাজিদ হাসান বাবু, এ বি এম মাহমুদ আলম সরদার, মাহমুদুল হাসান বাপ্পি ও মোহাম্মদ মামুন বিল্লাহ।
সাধারণ সম্পাদক পদে : মো. আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ, জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন শ্যামল, মো. জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মো. হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মো. মিজানুর রহমান শরিফ, শেখ মো. মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।
জানা যায়, এ নির্বাচন অনুষ্ঠানের জন্য কয়েকটি অডিটোরিয়ম ভাড়া চেয়েও পায়নি দলটি। ফলে বাধ্য হয়ে মির্জা আব্বাসের বাসায় ভোট করেছে। ভোট শুরুর কিছুক্ষণ পরেই সেখানকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুত্ বিভাগ। অবশ্য ঘণ্টাখানেক পর আবারও বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ১২ সেপ্টেম্বর সদ্য বিলুপ্ত রাজিব-আকরাম কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালত। একইসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকনসহ ১০ বিবাদীকে ১০ দিনের নোটিশের জবাব দিতে বলা হয়। এ কারণে কাউন্সিল না করে শুধু ভোট গ্রহণ হচ্ছে।
