কালিহাতীতে নিখোঁজের ৪৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫০

নিখোঁজের ৪৫ দিন পর কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের গজারিয়া বিল থেকে নিহত প্রবাসী যুবক মোশারফ হোসেনের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। বুধবার বিকেলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় এ লাশ উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, সকালে স্থানীয় জেলেরা বিলে মাছ ধরতে গেলে জালের সাথে লাশের মোজা উঠে আসে। তাদের সন্দেহ হলে তারা কালিহাতী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। তিনি আরও বলেন,  লাশটিকে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: বিআরটিএর মৃত সহকারি পরিচালকের বাসায় মিলল ৩৩ লাখ টাকা

উল্লেখ্য যে, নিহত মোশারফ হোসেন ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের নয়াবাড়ী গ্রামের মো. সেকান্দর আলীর ছেলে। তিনি গত ৪ আগস্ট রাতে নিখোঁজ হয়। পরের দিন নিহতের ছোট ভাই ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে প্রতিবেশী সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্দা গ্রামের মরহুম মেছের আলী মণ্ডলের মেয়ে নাছিমা আক্তারকে ১৬ আগস্ট গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছিমা  মোশারফের সাথে তার  সম্পর্কের কথা স্বীকার করে জানান, তার ছোট  ভাই আক্তার হোসেনের সহায়তায় মোশারফকে খুন করে গজারিয়া বিলে বাঁশের সাথে লাশ ডুবিয়ে রাখা হয়। পরে ১৭ আগস্ট নাসিমাকে আদালতে প্রেরণ করা হলেও মামলার অপর আসামি আক্তার হোসেন পলাতক রয়েছে।  

ইত্তেফাক/এমআরএম