নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে ২৬ জনের মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

ইত্তেফাক ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রবিবার। এদিন নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ১৪ প্রার্থী। এদের মধ্যে বিএনপির শাহ্ আলম, গিয়াসউদ্দিন ও আবুল কালাম অন্যতম। গতকাল নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে এতথ্য জানানো হয়। প্রার্থিতা প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন- রূপগঞ্জ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার, মোস্তাফিজুর রহমান ভূইয়া। আড়াইহাজার আসন থেকে বিএনপির প্রার্থী আতাউর রহমান খান, মাহমুদুর রহমান, জাকের পার্টির প্রার্থী মো. মুরাদ হোসেন জামাল। সোনারগাঁ আসন থেকে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস, জাকের পার্টির মোস্তফা আমীর ফয়সাল। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী মামুন মাহমুদ, শাহ্ আলম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হিমাংশু সাহা, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন। সদর-বন্দর আসন থেকে বিএনপির প্রার্থী অ্যাড. আবুল কালাম, সাইদ আহম্মেদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির আল আফতাব। 

গাজীপুর প্রতিনিধি জানান, রবিবার গাজীপুরে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির মোঃ শরীফুল ইসলাম, গণফোরামের মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ। গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির মাহবুবুল আলম ও জয়নাল আবেদীন। গাজীপুর-৩ এ বাসদের জহিরুল ইসলাম মন্ডল বাচ্চু ও গাজীপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আল আমিন দেওয়ান।

গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, এখন গাজীপুরের ৫টি আসনে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মানিকগঞ্জ-১ আসনে জাসদের প্রার্থী আফজাল হোসেন খান জকি, তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল হামিদ ডাবলু ও তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আবিদুর রহমান খান রোমান ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়নপত্র দলীয় সিদ্ধান্তে বাতিল হয়েছে।