সাভারে পাঁচ কারখানায় শ্রমিক বিক্ষোভ, গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

 ইত্তেফাক রিপোর্ট

সরকারি গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে সাভারে পাঁচটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। গতকাল রবিবার সকাল থেকেই একে একে এসব কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে কারখানায় প্রবেশের পর সরকারি গেজেট অনুযায়ী বেতন প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করে আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেড কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সিএন্ডবি-আশুলিয়া সড়ক অবরোধ করে রাখে। এঘটনায় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একই দাবিতে আশুলিয়ার পুকুরপাড়া এলাকার এফজিএস ফ্যাশন, মোল্লাবাড়ি কাঠগড়া এলাকার এ.আর জিন্স প্রডিউসার লিমিটেড ও নরসিংহপুর এলাকায় নীট এশিয়া গার্মেন্টস, জিরানী এলাকার মাহমুদা গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে।